সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য আটক

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া দুই পুলিশ সদস্য হলেন- মোস্তাইন বিল্লাহ এবং নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত ছিলেন, আর নাজমুল ইসলাম পুলিশ লাইন্সের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

জেলা গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে বসে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। এ কাজে দোকানের মালিক তাইফুর তাকে সহযোগিতা করতেন বলে অভিযোগ ছিল।

সম্প্রতি পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে তা বিক্রির অভিযোগের কথা উঠে আসে। 

এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পর সোমবার বিকেলে বাইপাস এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযানে কোরেক্স সিরাপ উদ্ধারের পর তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গোয়েন্দা পুলিশ দুজনকে আটক করেছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় তিনি এখনও পর্যন্ত কোনো এজাহার পাননি।  

সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, দুইজন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, প্রেস রিলিজ না পেলে বিষয়টির বিস্তারিত জানানো যাচ্ছে না।