শাস্তি দিতে ছাত্রের মোবাইল ভাঙলেন শিক্ষক, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর তা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙেছেন এক শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

এদিন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোনটি পাওয়া যায়। পরে বিদ্যালয়ের শিক্ষক শরীফ শিক্ষার্থীদের উপস্থিতিতে ফোনটি হাতুড়ি দিয়ে ভেঙে দেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর শিক্ষার্থীদের শৃঙ্খলা ও বিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে একটি নোটিশ দেওয়া হয়। নোটিশে চুল কাটার বিষয়ে নির্দেশনার পাশাপাশি বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে এলে তা বিনষ্ট করা হবে বলে জানানো হয়।  

শিক্ষক শরীফ বলেন, বিদ্যালয়ে মোবাইল ফোন আনা নিষেধ—এ বিষয়ে আগেই নোটিশ দেওয়া হয়েছে এবং সব শিক্ষককে তা পড়ে শোনানো হয়েছে। এরপরও অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। তাই নোটিশ অনুযায়ী ফোনটি প্রকাশ্যে বিনষ্ট করে দেওয়া হয়েছে, যাতে অন্য শিক্ষার্থীরা সতর্ক হয়।

ফোন ভাঙার সময় শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নেক্সটে ফোন আনতে চাইলে এইটার কথা চিন্তা কইরো।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখা এবং বিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতেই আগে থেকেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

তবে শিক্ষার্থীর ব্যক্তিগত মোবাইল ফোন প্রকাশ্যে ভেঙে দেওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। শৃঙ্খলা রক্ষায় বিদ্যালয়ের নিষেধাজ্ঞা কার্যকর করার পাশাপাশি শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে যথাযথ ও গ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণের বিষয়েও মত দিয়েছেন অনেকে।