একাত্তরের প্রতিবেদনের পর গাইবান্ধার শ্রাবণীর পাশে উপজেলা প্রশাসন

একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।

স্বামীর অমানুষিক নির্যাতনে মাথায় ৯০টিরও বেশি সেলাইসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন দুই সন্তানের জননী শ্রাবণী আক্তার।

ঘটনাটি নিয়ে একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন আর্থিক অনুদানের অংশ হিসেবে শ্রাবণীকে এই সহায়তা দেওয়া হয়।

পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তার পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

পরিবারের আশা, এই অর্থ শ্রাবণীর চিকিৎসায় কিছুটা হলেও সহায়তা করবে। একই সঙ্গে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।