গজারিয়ার বাস প্রাইভেটকার সংঘর্ষে নিহত চার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শনিবার দুপুর পৌনে তিনটার দিকে মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রামগামী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক সোহেল। তাদের বাড়ি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় বলে নিশ্চিত হওয়া গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন আরোহী ছিলেন। তারা মহাসড়কের পাশের মিয়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষ করে ঢাকার দিকে ফিরছিলেন। পথে জামালদি এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী ‘নিউ বলেশ্বর পরিবহন’-এর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে চালক সোহেলকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাকি আহত চার আরোহীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অন্য একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এবং মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাইভেটকারের পাঁচ আরোহীর মধ্যে চারজনই মৃত্যুবরণ করেছেন। দুর্ঘটনার পর বাসের আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন এবং বাসটি মহাসড়কে উল্টে থাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়েছিল।

পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।