কুষ্টিয়ায় নির্মাণাধীন মন্ডপে প্রতীমা ভাঙচুর

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া আইকা যুবসংঘের ব্যানারে নির্মাণাধীন পূজা মন্ডপে বেশ কয়েকটি প্রতীমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয় মন্ডপ কমিটির সদস্যরা। তবে এ ঘটনায় জড়িতদের এখনো চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শহরের আড়ুয়াপাড়া রেললাইন সংলগ্ন হেমচন্দ্র লেনস্থ আইকা সংঘ অস্থায়ী মন্ডপে প্রতীমা তৈরীর কাজ চলছিল। 


মন্ডপ কমিটির সদস্যরা সকালে এসে দেখতে পান মন্ডপে থাকা নির্মাণাধীন প্রায় সব ক’টি প্রতীমার অংশবিশেষ ভাংচুর করা হয়। সংবাদ পেয়ে কুষ্টিয়া পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

আরও পড়ুন: অ্যাম্বুলেন্সে করে গাঁজা বিক্রি, গ্রেপ্তার দুই

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল ইসলাম একাত্তরকে জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নেয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। 

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী প্রতীমা ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নেয়ার দাবি জানিয়েছেন। 


একাত্তর/এআর