সাতক্ষীরার দেবহাটায় পূর্নিমা দাশ নামে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলো পূর্ণিমা।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) পরিত্যাক্ত বাড়ির বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা দেবহাটা থানায় মামলা করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাতভর নিখোঁজ ছিলো দশম শ্রেণির ছাত্রী পূর্নিমা দাশ।
পরের দিন শুক্রবার সকালে একই গ্রামের পরিত্যক্ত বাড়ির সবজি বাগানে তার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।
পূর্নিমার বাবা শান্তি দাস জানান, পাশের এলাকার পার্থ মন্ডল অনেক দিন থেকে তার মেয়েকে উত্ত্যক্ত করতো। পূর্নিমা সাতক্ষীরা সদর উপজেলার গাভা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলো।
আরও পড়ুন: গুলিবিদ্ধ যুবকের লাশ নিয়ে সড়কে বিক্ষোভ
শান্তি দাসের দাবি, পার্থ মণ্ডলই তার মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে। এ ঘটনায় বখাটে পার্থ মণ্ডলের সঙ্গে আরও অনেকে জড়িত বলে ধারণা তার।
পূর্ণিমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং গলায় শ্বাসরোধের চিহ্ন রয়েছে । দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।
এই ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। থানার ওসি ফরিদ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার কারণ উদঘাটনে ইতিমধ্যে প্রশাসনের অনুসন্ধান শুরু হয়েছে।
একাত্তর/টিএ