দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত তিন

নেত্রকোণায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সঙ্গে মাছবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের মাছ ব্যবসায়ী রনি মিয়া, তার চাচাত ভাই জনি মিয়া এবং পিকআপ ভ্যানের চালক আবুচান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা থেকে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যান ঢাকার উদ্দেশে রওনা হয়। এটি নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া মারা যান।

গুরুতর আহত পিকআপ ভ্যানের চালক আবুচানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। আহত অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা আক্তার বলেন, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে। দুইজনের মরদেহ শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। অপর লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

আরও পড়ুন: ওসির কক্ষে হত্যা মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও প্রকাশ্যে

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ট্রাকটি নষ্ট হয়ে বাগড়া বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মাছবাহী পিকআপভ্যানটি ওই ট্রাককে ধাক্কা দেয়।


একাত্তর/আরএ