করোনা উপসর্গে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর হয়েছে। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সদর হাসপাতালে মারা যায় জান্নাতুল ফিজা। সে রায়পুর উপজেলার শায়েস্তানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও রায়পুর দেবীপুর এলাকার সিএনজি চালক সেলিম উদ্দিনের মেয়ে। 

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কমলাশীষ রায়। তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে জান্নাতুলকে সদর হাসপাতালের আনার পর অক্সিজেন শূন্যের কোঠায় নেমে আসে। এরপর রাতেই মারা যায় সে। এ নিয়ে লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে ১০১ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৯২ মারা গেছেন। 

এদিকে সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, গত চারদিন ধরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফিজা জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। এসময় পল্লী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কিছু ঔষধ সেবন করানো হয়।

শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিলে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে রাতে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে আনার পর রাত ১২টার দিকে অক্সিজেন লেভেল শূন্যে নেমে আসার পর তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়েরও

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো করোনা আক্রান্ত হয়েছে ৭ জন। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৫ জনের নমুনা পরীক্ষা করে এ সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়। এ অনুযায়ী জেলায় করোনা শনাক্ত আট শতাংশ। এর আগের দিন শনাক্ত ছিল আট দশমিক ছয় শতাংশ। গড়ে জেলায় করোনা শনাক্তের হার ১১ দশমিক এক শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছেন আট হাজার তিনশ ৪২জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯২জন। এসময় উপসর্গ নিয়ে মারা গেছে একশর বেশি মানুষ।


একাত্তর/এসজে