ভাইয়ের জন্য দুধ কিনতে গিয়ে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

ভোলায় ছোট ভাইয়ের জন্য দোকান থেকে দুধের প্যাকেট কিনতে গিয়ে অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়কের বাপ্তা বুড়ি মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মারিয়া (৭) সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের মো. ইসমাইল কাজীর মেয়ে।

নিহত শিশুর চাচা আলী হোসেন জানান, মারিয়া তার ছোট এক চাচাতো ভাইয়ের জন্য দোকানে একটি দুধের প্যাকেট কিনতে যায়। রাস্তা পারাপারের জন্য রাস্তার একপাশে সে দাঁড়িয়ে ছিল। এসময় ইলিশা থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগতির একটি অটোরিকশা মারিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মারিয়াকে চাপা দিয়ে অটোরিকশাটি রাস্তার পাশের খালে পড়ে যায় বলেও জানান তিনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। অটোরিকশাটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।