বরিশালে পঙ্কজ-শাম্মী-সাদিকের মনোনয়ন স্থগিত

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বরিশালের ছয়টি আসনের ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্থগিত রাখা হয়েছে আরও চারজনের।

এদিকে, বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের পাল্টাপাল্টি অভিযোগ থাকায় তাদের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম ছয়জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করেন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বরিশাল-১ আসনের জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ রিয়াজ মোরশেদ, বরিশাল-২ আসনের বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী মোহাম্মদ মিরাজ হোসেন ও জাতীয় পার্টির আলবার্ট বাড়ৈ এবং বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর, মোহাম্মদ শাহরিয়ার মিয়া ও নূরে আলম শিকদার।

রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বরিশাল-১ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ রিয়াজ মোরশেদ জামান হলফনামা সঠিকভাবে দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

একই কারণে বাতিল হয়েছে বরিশাল-২ আসনের বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী মোহাম্মদ মিরাজ হোসেন ও জাতীয় পার্টি (জেপি) প্রার্থী আলবার্ট বাড়ৈর মনোনয়নপত্র।

আর এক শতাংশ ভোটারের নাম জমা না দেওয়ায় বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর, মোহাম্মদ শাহরিয়ার মিয়া ও নূরে আলম শিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটানিং কর্মকর্তা আরও বলেন, বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ নাথের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। সোমবার যাচাই-বাছাইয়ের শেষদিন শুনানি শেষে সিদ্ধান্ত দেওয়া হবে।

আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি পাওয়া বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের আসনে প্রথমবারের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ।

পঙ্কজ নাথের অভিযোগ, শাম্মী আহমেদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব রয়েছে। তিনি বলেন, বলেন, সংবিধানের ৬৪ অনুচ্ছেদের স্পষ্ট উল্লেখ আছে কোন বিদেশি নাগরিক জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। শাম্মী আহমেদের প্রার্থীতা বাতিলের দাবী তোলেন তিনি।

অপরদিকে শাম্মী আহমেদের পক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুনসুর আহমেদ বলেন, মনোনয়ন পত্রে কোথায়ও দ্বৈত নাগরিকত্বের কথা উল্লেখ নেই বলে তা পূরণ করা হয়নি। শাম্মী আক্তার অনেক আগেই অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন।

এদিকে, বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্রে স্ত্রীর নামে আমেরিকায় একটি বাড়ি থাকার বিষয়টি হলফনামায় উল্লেখ করেননি।

এ বিষয়ে একটি অভিযোগ দাখিল করা হয়। এ কারণে তার মনোনয়ন ফরম মুলতবি রয়েছে বলে জানান রিটানিং কর্মকর্তা।

বরিশাল-৪ আসনে মুক্তিজোটের দুজন প্রার্থী থাকায় আসাদুজ্জামান নামে এক প্রার্থীর মনোনয়নের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি; সেটা মুলতবি আছে।

এদিকে ১৫ লাখ ৪ হাজার ৪৬ টাকা ভ্যাট বকেয়া থাকায় বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির গোলাম কিবরিয়ার টিপুর মনোনয়নপত্রে আপত্তি দেয় ভ্যাট অফিস। পরে পরিশোধ করে কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ করা হয়।

বরিশালের ৬টি আসনে ৫৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। বর্তমানে প্রার্থীতা বহাল রয়েছে ৪৫ জনের।