পটুয়াখালী জেলার চারটি আসনের ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে চারজনের মনোনয়নপত্র।
সোমবার জেলার রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম এ তথ্য জানান।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাদ পড়াদের মধ্যে পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দীন তালুকদার ও জাকের পার্টির মো. মিজানুর রহমান বাবুলের মনোনয়নপত্র বাতিল করা হয় ঋণ খেলাপির অভিযোগে।
অপরদিকে ভোটার তালিকায় গরমিল থাকায় পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নূর মোহাম্মদ ও পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির কো -চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বকেয়া আয়কর রিটার্ন জমা দিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এছাড়া তরিকত ফেডারেশনের প্রার্থী মো. খলিল, জাসদের কে এম আনোয়ারুজ্জামান মিয়া ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহিউদ্দিন মামুনের কাগজপত্র সংশোধন করে জমা দেওয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেন এমপি ও এনপিপির মো. নজরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়া হয়েছিলো। বর্তমানে আসনটিতে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে কাগজপত্রে ত্রুটি সংশোধন করে দাখিল করায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) -এর জোবায়ের হোসেন, তৃণমূল বিএনপি’র মাহাবুবুল আলম, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য হাসিব আলম তালুকদার ও জাতীয় পার্টির প্রার্থী মহসিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আ. স. ম. ফিরোজের মনোনয়নপত্রটিও বৈধ বলে ঘোষণা দেয়া হয়েছে। এ আসনে বৈধ প্রার্থী পাঁচজন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে কাগজপত্রে ভুলত্রুটি সংশোধন করে জমা দেওয়ায় জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ছাইফুর রহমান, তৃণমূল বিএনপি’র ওবায়েদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ নূরে আলমের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এসএম শাহাজাদা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ -এর এ ওয়াই এম কামরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি মহাপরিচালক লে. জেনারেল আবুল হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।
পটুয়াখালী-৪ (কলাপাড়া রাঙ্গাবালী) আসনে জমাকৃত কাগজপত্রে ত্রুটি সংশোধন সাপেক্ষে জাতীয় পার্টির আব্দুল মন্নান হাওলাদার, জাসদের বিশ্বাস সিহাব পারভেজ মিঠু, বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
এর আগে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান, স্বতন্ত্র প্রার্থী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানি সম্পদ মন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, সাবেক এমপি আনোয়ারুজ্জামানের ছেলে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম লিটনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ আসনে বৈধ প্রার্থী ৬ জন।
জেলা রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম জানিয়েছেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের আপিলের সুযোগ রয়েছে।