ভোলায় মেঘনা নদীতে ঢেউয়ের কবলে পড়ে অতিরিক্ত মালামাল বোঝাই একটি ট্রলারডুবির ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন। রোববার মধ্যরাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন এলাকায় সাতজন নিয়ে ট্রলারটি ডুবে যায়।
এসময় পাঁচজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করলেও দুইজন নিখোঁজ হন। নিখোঁজরা সম্পর্কে বাবা-ছেলে। তাদের নাম রাজ্জাক সরদার ও পারভেজ সরদার।
ভোলা নৌ-পুলিশ জানায়, মনপুরা থেকে একটি ট্রলার অতিরিক্ত ভাঙ্গারি মালামাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাচ্ছিল। পথে ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র বাতাস ও স্রোতে সৃষ্ট ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা পাঁচ ব্যক্তি জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সকল ব্যক্তি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।
ভোলা নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার ঘোষ জানান, ঘটনার পর থেকে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।