পটুয়াখালীতে নির্মাণাধীন আরপিসিএল নরিনকো ইটারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রথম শিপ আনলোডার নিয়ে পায়রা বন্দরে এসেছে মাদার ভেসেল এমভি জি সান।
চায়না থেকে আসা বিশেষ এই মাদার ভেসেলটি বৃহস্পতিবার সকালে বন্দরে এসে পৌঁছায় বলে জানান পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।
তিনি জানান, আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা অপারেশনের জন্য জেটিতে স্থাপনের জন্য প্রথম অত্যাধুনিক শিপ আনলোডার নিয়ে এসেছে মাদার ভেসেলটি৷ পরে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আনলোডারবাহী মাদারভেসেল এলোংসাইড করা হয়। এই সময় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী উপস্থিত ছিলেন।
জানা গেছে, নির্মাণাধীন এই তাপবিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক অপারেশন কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে । ইতোমধ্যে মেইন প্ল্যান্ট ও কয়লা জেটিসহ সকল অবকাঠামো নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
পটুয়াখালীতে স্থাপিত ১৩২০ মেগাওয়াটের দ্বিতীয় এই বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দুইটি কেন্দ্রে দুই হাজার ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত হবে। এর আগে, ২০২০ সালর ১২ জানুয়ারি পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়। পরে ২০২২ সালর ২১ মার্চ ১৩২০ মেগাওয়াটের সেই বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।