৪০ হাজার ২২৫ মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ইনার অ্যাঙ্করে নোঙ্গর করেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এম ভি ওসান ব্রেভ।
শনিবার সকালে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়ার বালিক পাপান বন্দর থেকে ছেড়ে আসা মাদার ভেসেলটি পায়রা বন্দরের চ্যানেলে এসে পৌঁছায়।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের ডেপুটি পরিচালক রাজিব সারোয়ার জানান, ১০ দশমিক ১০ মিটার ড্রাফটের এম ভি ওসান ব্রেভ জাহাজটি লম্বায় ১৯৯ দশমিক ৯৯ মিটার ও প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার। জাহাজটি প্রথমে সিংগাপুর বন্দরে আসে। সেখান থেকে পায়রা বন্দরে শনিবার সকালে নোঙ্গর করে।
প্রায় দশ হাজার মেট্রিক টন কয়লা লাইটারে করে খালাসের পর জাহাজটি শনিবার সন্ধ্যা কিংবা রোববার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়বে বলে জানান তিনি।
আরও পড়ুন : বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
২০ দিন বন্ধ থাকার পরে গত ২৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট চালু হওয়ার পরে এ নিয়ে মোট ১২টি জাহাজ কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে। বর্তমানে পায়রা বন্দরের ১৩২০ মেগাওয়াটের দুটি ইউনিটিই সচল রয়েছে ।
একাত্তর/পিএজে
