নিষেধ না মেনে চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরার সময় হাতেনাতে ৫২ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৮ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড, তিন জনকে দুই হাজার টাকা করে জরিমানা এবং ১১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোবাবার মধ্য রাত থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীর হরিণা থেকে হাইমচরের মনিপুর, সাহেবগঞ্জ ও চরভৈরবী এলাকায় জেলা প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে।
পরে সোমবার দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ও আসাদুজ্জামান সরকার।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই অভিযানে ৫২ জনকে আটকসহ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা এসএম মুশফিকুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. সফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এক মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় আইন অমান্য করে জাটকাসহ সকল মাছ ধরা, মজুদ, ক্রয়-বিক্রয়, পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারী জেলেদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।