পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রায়হান আহমেদকে পেটানোর অভিযোগে জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর শহরের এলজিডি অফিসের সামনে রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। এর পরই অনিককে আটক করা হয়।
রায়হান আহমেদ জানান, সন্ধ্যার আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিডি অফিসের কাজ শেষ করে বের হলে অনিকসহ কয়েক তার গতিরোধ করে মারতে শুরু করে। পরে স্থানীয় এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা রমজান আলী জানান, গুরুতর আহত অবস্থায় রায়হানকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে আহত রায়হানকে উদ্ধার করেছে এবং অনিককে হেফাজতে নেওয়া হয়েছে।