সংখ্যালঘুদের নিপীড়ন ও লুট বন্ধে বরিশালে সমাবেশ

সংখ্যালঘুদের নিপীড়ন, দেশজুড়ে লুটপাট, অগ্নিসংযোগ ও শিল্পীদের ওপর হামলার ঘটনা দ্রুত বন্ধ এবং জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপু‌রে নিপীড়ন বিরোধী মঞ্চ বরিশালের ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এতে বরিশালের বিভিন্ন মন্দির ক‌মি‌টির সদস‌্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। সমাবেশের পর তারা সড়ক অবরোধ করে স্লোগান দেন।

নিপীড়ন বিরোধী মঞ্চ বরিশালের সমন্বয়ক কাজল দাসের সভাপতিত্বে বক্তারা বলেন, সরকার পতনের পর থেকে সারাদেশের সা‌থে ব‌রিশা‌লেও হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর হামলা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে।

এসময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

barisal1

আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল পূজা উদযাপন পরিষদ মহানগর সভাপতি ভানু লাল দে, সহ-সভাপতি বিশ্ব‌জিৎ ঘোষ বিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, কমিউনিষ্ট পার্টি ব‌রিশ‌াল জেলার সভাপতি অ্যাড. এ কে আজাদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উম্মেষ রায়সহ প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়।