চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) দুই শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও রেজিস্টার ‘আত্মগোপনে’ থেকে শিক্ষকদের অব্যাহতি দিয়েছেন।
সোমবার চাঁবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতারের অনুমোদন ও রেজিস্টার মো. আব্দুল হাইয়ের সই করা এক চিঠিতে শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়।
ওই দুই শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক প্রিন্স মাহমুদ ও আইসিটি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন।
আত্মগোপনে থাকা উপাচার্য একাত্তরকে জানান, ওই দুই শিক্ষক বিভিন্ন সময় সোশ্যালে আমাকে নিয়ে ব্যঙ্গ করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করতো, যা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থি।
তিনি বলেন, ইতিমধ্যে সারাদেশে শিক্ষকদের পক্ষে পদত্যাগের জন্য কাউকে বাধ্য না করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে ওই দুই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ করায় তাদের অব্যাহতি দেওয়া হলো।
এ ব্যাপারে শিক্ষক মাহমুদ ও নাজিম একাত্তরকে বলেন, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, যা মানার মতো নয়। এ বিষয়ে আমরা রেজিস্টারের সঙ্গে যোগাযোগ করবো।
একটি সূত্র জানিয়েছে, পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও রেজিস্টার। ছাত্র আন্দোলনে তারা বিরোধিতা করেছেন বলে অভিযোগ আছে শিক্ষার্থীদের। এ নিয়ে ক্যাম্পাসে তাদের পদত্যাগ দাবিতে আন্দোলনও করেছেন শিক্ষার্থীরা। আত্মগোপনে থাকায় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ।
সূত্রটি আরও জানায়, বহিষ্কার হওয়া দুই শিক্ষক আওয়ামীপন্থি হিসেবে পরিচিত।