দুর্ঘটনায় আহত সাবেক সেই ইউপি সদস্যের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ার সিক্সলেন সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় চলন্ত অটোরিকশা উল্টে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা সাবেক সেই ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মজিবর রহমান।

নিহতের স্বজনরা জানান, গত ১৫ অক্টোবর দুপুরে আমতলীর বান্দ্রা থেকে অটোরিকশায় কলাপাড়া আসার পথে সিক্সলেন সড়কে যাত্রীবাহী বাস রুদ্র তূর্য সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আট যাত্রী আহত হন। গুরুতর আহত হয় রফিকুল ইসলাম। তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কিন্তু সেখানেও তার অবস্থার উন্নতি না হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।

কলাপাড়া থানা পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনার ঘটনায় রফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।