কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে দুই শ্রমিক নিহত

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে কুয়াকাটা রাখাইন মন্দির সংলগ্ন মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন নবীন পুর গ্রামের কাঠ মিস্ত্রি কামাল ও শ্রমিক আবু বকর মৃধা।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, সোমবার সকালে কুয়াকাটার রাখাইন মার্কেটের কাছে উসে চাকমার আচারের দোকানে পুরাতন ওয়ালের পাশে কাজ করছিলেন ওই দুই জন। হঠাৎ পুরাতন দেয়ালসহ ভিম ভেঙে তাদের ওপর পড়ে। এতে দুই শ্রমিকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি (তদন্ত) মো. নোমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।