বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ শুধু দেশে অস্থিরতা সৃষ্টি নয়, বিএনপির মধ্যে বিভেদের অপচেষ্টা ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা সদরের সুবিদখালী সরকারি কলেজ মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার শিক্ষাঙ্গনসহ সব সেক্টর ধ্বংস করে গেছেন। বিগত ১৭ বছরের খুন-গুম, হামলা, মামলার মাধ্যমে বিএনপিকে বিচ্ছিন্ন করার অপচেষ্টায় লিপ্ত ছিল, আজ তাদের অস্তিত্ব সঙ্কটে।
আলতাফ হোসেন বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই। তবে তা হতে হবে গ্রহণযোগ্য। তাই নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব বিভাগকে সাজাতে হবে।
নিজ দলের মধ্যেও কিছু অনুপ্রবেশকারী রয়েছে দাবি করে তিনি বলেন, এদের মধ্যে ‘র’য়ের এজেন্ট থাকতে পারে। তাই মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
তুরস্ক'র একটি উন্নয়ন সংস্থার সহায়তায় বিগত ১৭ বছরে মির্জাগঞ্জ উপজেলায় যারা হামলা, মামলা, মৃত্যু এবং নির্যাতনের শিকার হয়েছেন এমন ৪৫০ পরিবারকে খাদ্য সহায়তা (চাল,ডাল, তেল, মসলা) এবং ঢাকাস্থ মির্জাগঞ্জের দানশীল ব্যক্তিদের সহায়তায় সব মসজিদের ইমাম-মোয়াজ্জিনসহ এক হাজার ৩০০ পরিবারে শীতবস্ত্র উপহার তুলে দেন আলতাফ হোসেন।
স্থানীয় বিএনপি আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম শিকদার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা মাসুদ আহমেদ পান্না, অধ্যাপক ইয়াসমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন প্রমুখ।
এর আগে আলতাফ হোসেন চৌধুরী সকালে মির্জাগঞ্জ মরহুম জিয়ার উদ্দিন খলিফার মাজার জিয়ারত করেন।