বরিশালে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও সন্তান। তাদের উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে জেলার বাকেরগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হোসনে আরা (৩২)। তিনি ঢাকা জেলার ধামরাই থানার বাসিন্দা। আহতরা হলো- তার স্বামী লেবুখালী ক্যান্টনমেন্টের কর্মরত লে. কর্পোরাল মো. বুলবুল ও তার ৩০ মাস বয়সী শিশু আদিয়ান।
স্থানীয়রা জানান, সেনা সদস্য সপরিবারে মোটরসাইকেল যোগে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় ফিরছিলেন। ওই এলাকায় এলে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হোসনে আরা মারা যায়। স্থানীয়রা বুলবুল ও তার সন্তানকে দ্রুত সিএমএইচ নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই হেলিকপ্টারযোগে তাদের ঢাকার সিএমএইচে পাঠানো হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বাসটি লেবুখালী ক্যান্টনমেন্টের সেনাবাহিনী জব্দ করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।