চাঁদপুরে অটোরিকশার এক চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে জানা গেছে, এই হত্যার নেপথ্যে রয়েছে আগের শত্রুতা। নিহতের এক বন্ধুর ভাষ্য, হত্যার পর খুনি মোবাইল ফোনে হুমকি দিয়ে বলেন, ‘অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলবো।’
বুধবার (১৩ আগস্ট) ভোরে জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম মিজানুর রহমান অভি (৩৫)। তিনি এখলাছপুর গ্রামের কাজী বাড়ির ফজলুল হক কাজীর ছেলে।
স্থানীয়রা জানান, পেশায় অটোরিকশার চালক অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি কয়েকদিন পর পর এলাকায় আসতেন। ঘটনার কয়েকদিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন। সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিলো।
তাদের দাবি. নাহিদ গাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন।
তারা জানান, ভোরে স্থানীয় কামাল নামের এক ব্যক্তি এখলাছপুর লঞ্চ ঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভির বন্ধু নুর আলম ব্যাপারী জানান, ঘটনার রাত আনুমানিক সোয়া তিনটার দিকে নাহিদ গাজীর ভাই নাজমুল গাজীর ফোন থেকে তাকে কল দেন নাহিদ। বলেন, ‘অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলবো।’ এ সময় ফোনের অপর প্রান্ত থেকে কান্নার শব্দও শোনা যায় বলে তিনি দাবি করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবির বলেন, মরদেহের বিভিন্নস্থানে জখম ও ডান চোখের ওপর মাথায় গুলির চিহ্ন রয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।