পটুয়াখালীতে ১১ ঘণ্টার ব্যবধানে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার চরজৈনকাঠী গ্রামের ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন লোহালিয়া নদী থেকে রেজাউল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের জৈনকাঠি এলাকায় লোহালিয়া সেতুর নিচ থেকে নদীতে ভাসমান অবস্থায় তুহিন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পেশায় অটোচালক রেজাউল সদর উপজেলার ভূরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। আর তুহিন পটুয়াখালী পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের ডেকোরেটর ব্যবসায়ী কালাম হাওলাদারের ছেলে। তুহিন গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলো। তার সঙ্গে থাকা কসাই আলামিন ভোরে পরিবারকে এসে জানায়, ডিবির ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর সে নিখোঁজ হয়।
তবে ডিবি পুলিশের ওসি জসীমউদ্দীন জানিয়েছে, ওই রাতে ওই এলাকায় তাদের কোনো টিম অভিযানে যায়নি। এ ঘটনার পর কসাই আল আমিনের ফোন বন্ধ রয়েছে। তুহিনের পরিবারের আশঙ্কা, কসাই আলামিন এই মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারে।
অপরদিকে, রেজাউল একইদিন সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়। তবে ওইদিন রাতে লোহালিয়া-কাশিপুর রোড থেকে তার অটোটি উদ্ধার করে পুলিশ।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশের তদন্ত চলছে।