গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শনিবার ভোর চারটার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় মো. দুলাল মিয়ার এফবি জাহিদ নামে ট্রলারে এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বড়ো টেংরা গ্রামের নুর আলম খান ও বাদুরতলা গ্রামের শাহজাহান মিয়া।
এদিকে, হামলার শিকারের প্রায় ২০ ঘণ্টা পর রোববার ১১টার দিকে পটুয়াখালীর মহিপুর ঘাটে এসে পৌঁছান তারা।
এফবি জাহিদ ট্রলারের জেলেরা জানান, ভোরে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় জাল টানার সময় হঠাৎ একটি ট্রলার এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর গুলি শুরু করে। এ সময় জেলেরা দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে। তখন দুই জেলে গুলিবিদ্ধ হয়। এসময় দস্যুরা ট্রলার থামানোর জন্য অনবরত বৃষ্টির মতো পাথর এবং লাঠিসোটা নিক্ষেপ করতে থাকেন। এতে ট্রলারের সব জেলেরাই আহত হয়েছেন।
তারা জানান, ট্রলারের একাধিক জায়গায় গুলির চিহ্ন রয়েছে। রোববার রাত ১১টার দিকে মহিপুর ঘাটে এসে পৌঁছার পর কলাপাড়ায় গুলিবিদ্ধ দুজনের চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।