পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। আটক ইউসুফ খান ওই গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় গাঁজা চাষের গুঞ্জন উঠলে স্থানীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেনের নেতৃত্বে বিষয়টি নিশ্চিত হয়ে বাউফল থানাকে অবহিত করা হয়।
পরে গোপন তথ্যের ভিত্তিতে বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। প্রথমে বাড়ির কাছের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফকে আটক করা হয়। পরবর্তীতে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ নিজের ঘরে পেছনে লুকিয়ে চাষ করা তিন-তিনটি বড় গাঁজাগাছের অবস্থান স্বীকার করেন, যা সঙ্গে সঙ্গে জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, সঠিক খবরের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের এই গাঁজাগাছ জব্দ এবং মূল অভিযুক্তকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। আটককৃত ইউসুফ খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এলাকায় সব ধরনের মাদক বা বেআইনি কর্মকাণ্ড নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।