পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী রাসেল মাহমুদ বয়াতীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার রাসেলকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১০ অভিযান চালিয়ে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। আসামিকে রাঙ্গাবালী থানায় নিয়ে আসার জন্য ইতিমধ্যে পুলিশের একটি বিশেষ টিম পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, এসআরবি-৮ ও এসআরবি-১০-এর যৌথ সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
গত শুক্রবার রাঙ্গাবালী সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকার নিজ বসতঘর থেকে ফারহানা ইয়াসমিন শীলার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হলেও শীলার মৃত্যুর পেছনে তার স্বামীকে দায়ি করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার রাঙ্গাবালী থানার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
সে সময় বিক্ষোভকারীরা প্রধান আসামিকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। পরে পুলিশের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
এরপর ওই দিনই নিহত শীলার ভাই রাইসুল ইসলাম কমল বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী রাসেল মাহমুদ বয়াতী ও তার চাচাতো ভাই সোহান বয়াতীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। মামলা দায়েরের মাত্র একদিনের মাথায় প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হলো আইনশৃঙ্খলা বাহিনী।