উদারতার সুযোগে পতিত স্বৈরাচারের সঙ্গে যোগসাজশ, হুঁশিয়ারি নুরের

রাজনৈতিক উদারতার সুযোগ নিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এখনো অনলাইন বা ভার্চ্যুয়ালি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।

রোববার (৮ নভেম্বর) গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এই আলোচনা সভায় এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য নুরুল হক নুর।

সাত নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাজনৈতিক পরিস্থিতি, চরাঞ্চলের ইজারা ও সংঘাত এড়ানোর বিষয়েও কঠোর বার্তা দেন তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, একটি কঠিন সময়ে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা প্রায় ৪০ বছর ধরে ত্যাগ স্বীকার করেছেন, জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর চলা অমানবিক নির্যাতনের কথা স্মরণ করে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের পর গলাচিপা-দশমিনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাভাবিক জীবনযাপন করছেন, ব্যবসা-বাণিজ্য করছেন; তাদের ওপর কোনো ধরনের হামলা বা হয়রানি চালানো হয়নি।

আওয়ামী লীগের ভার্চ্যুয়াল যোগাযোগ ও কার্যক্রমের সমালোচনা করে নুর বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনি। তবে এই উদারতার সুযোগ নিয়ে সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনার সঙ্গে অনলাইনে ভার্চ্যুয়ালি যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। বিভিন্ন জায়গায় কারা বক্তব্য দিয়েছেন, তাদের তালিকা ও অডিও প্রকাশিত হয়েছে। প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শেখ হাসিনাকে দণ্ডিত ব্যক্তি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ দল উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত আইন ও রাজনৈতিকভাবে বিষয়টি কঠোর হাতে মোকাবিলা করতে হবে।

চরাঞ্চলে তরমুজ চাষকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গলাচিপা ও দশমিনার চরে প্রচুর তরমুজ উৎপাদিত হলেও বিভিন্ন কারণে এবার এখনো জমি ইজারা দেওয়া হয়নি। চর দখল, ভুয়া কাগজপত্র তৈরি কিংবা তরমুজ চাষকে কেন্দ্র করে কোনো ধরনের হানাহানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। প্রয়োজনে ওই চরে তরমুজ চাষ সাময়িকভাবে বন্ধ রেখে লাল নিশান টাঙিয়ে দেওয়ার হুশিয়ারি দেন তিনি।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, দলের অভ্যন্তরীণ সমন্বয় বাড়াতে হবে এবং নিজেদের মধ্যে কানাঘুষা বা ফিসফাস বন্ধ করে একসঙ্গে বসে যেকোনো সমস্যার সমাধান করতে হবে। পাঁচ আগস্টের পর থেকে গলাচিপায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি বা টেন্ডারবাজির কোনো অভিযোগ ওঠেনি দাবি করে তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন, ইউএনও এবং ওসির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

গলাচিপা উপজেলা বিএনপির আহবায়খ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাব হোসেন খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া, মো. জাহাঙ্গীর হোসেন খান, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।