পটুয়াখালীর গলাচিপায় ভোকেশনাল নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষায় ৪৭ শিক্ষার্থীর মধ্যে একজনের মূল উত্তরপত্র (খাতা) পাওয়া যায়নি।
রোববার (১৫ নভেম্বর) পদার্থবিজ্ঞান পরীক্ষায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরীক্ষা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অবহেলা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, ওই কক্ষে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে উত্তরপত্র গণনা করে ৪৬টি পাওয়া যায়। অথচ টপশিটে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭। ফলে একজন শিক্ষার্থীর মূল উত্তরপত্রের কোনো হদিস পাওয়া যায়নি।
ওই কক্ষের দায়িত্বে ছিলেন চর চন্দ্রাইল আমজাদ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালমা আক্তার মুক্তা এবং একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী ও ল্যাব সহকারী মো. আজমিরুল ইসলাম।
ল্যাব সহকারী মো. আজমিরুল ইসলাম জানান, মোট ৪৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। খাতা গণনার পর দেখা যায়, একটি খাতা কম রয়েছে। ধারণা করা হচ্ছে, একজন শিক্ষার্থী খাতা বাইরে নিয়ে গেছে। বিষয়টি হল সচিবকে জানানো হয়েছে। তার দাবি, খাতা জমা নেওয়ার পর গণনা না করেই টপশিট ছিঁড়ে ফেলার কারণে এ জটিলতা তৈরি হয়েছে।
পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হল সুপার মো. আবু হানিফ বলেন, খাতা জমা নেওয়ার সময় একটি খাতা কম থাকার বিষয়টি জানানো হয়। কেন খাতা কম, জানতে চাইলে দায়িত্বপ্রাপ্তরা জানান, একজন শিক্ষার্থী ভুল করে খাতা জমা না দিয়ে নিয়ে গেছে। পরে ওই দুই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন।
গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হল সচিব মো. নিজাম উদ্দিন বলেন,৪৬টি মূল উত্তরপত্র জমা দেওয়া হয়েছে, কিন্তু টপশিটে রয়েছে ৪৭টি। হয়তো আগেই টপশিট ছিঁড়ে ফেলা হয়েছিল। তা না হলে দুটি খাতা নেওয়া বা পাওয়ার কথা। টপশিট আগে ছিঁড়ে ফেলায় কোন শিক্ষার্থী মূল খাতা জমা দেয়নি, তা শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্তদের মধ্যে কে শিক্ষক আর কে ল্যাব সহকারী, সেটিও হল সুপারের জানা ছিল না। সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে যাদের নাম দেওয়া হয়, তাদেরই পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়।’
এ বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য তাদের কাছে নেই। কোনো কেন্দ্র থেকেও এমন তথ্য জানানো হয়নি।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষে শিক্ষার্থীদের বসিয়ে রেখে প্রথমে উত্তরপত্র গণনা করে উপস্থিতির সঙ্গে মিলিয়ে নিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর খাতা পাওয়া নিশ্চিত হওয়ার পর শিক্ষার্থীদের বের হতে দিতে হবে। এরপর টপশিট ছিঁড়তে হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কেন্দ্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।