পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বাল্যবিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। নিজের বিয়ে বন্ধ ও পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে আগের দিন মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করলেও প্রশাসন ও দায়িত্বশীলদের নিষ্ক্রিয়তার কারণে সোমবার (৯ নভেম্বর) এই বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের। কিশোরীটি ওই এলাাকার ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসায় ছাত্রী।
বাল্যবিয়ে রোধে আইনি বিধান ও প্রশাসনের তৎপরতা থাকার কথা থাকলেও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা নিয়ে স্থানীয়দের তীব্র প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ওই ছাত্রীর বয়স মাত্র ১৪ বছর। সে ওই মাদ্রাসার সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী এবং শ্রেণিতে তার রোল নম্বর এক ও মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা তার অমতে জোর করে বিয়ের আয়োজন করেন এবং সোমবার (৯ নভেম্বর) বিয়ের দিন ধার্য করেন। বিয়ে ঠেকাতে গত রোববার (৮ নভেম্বর) মাদ্রাসা সুপার বরাবর একটি লিখিত আবেদন করে ওই ছাত্রী।
আবেদনে সে আকুতি জানিয়ে লিখেছে, ‘আমাকে আমার পরিবার জোরপূর্বক বিয়ে ঠিক করে বিয়ে দিতে বাধ্য করছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি লেখাপড়া করতে চাই। তবুও আমি এখন বিয়ে করতে চাই না।’ প্রয়োজনে নিজের পড়াশোনার খরচ ও দায়িত্ব নেওয়ার অনুরোধও জানায় সে।
লিখিত অভিযোগ পাওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ এক অদ্ভুত মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এছাড়া আমার কাছে করার কিছু নেই। আমারও তো এলাকায় থাকতে হবে।’
অন্যদিকে গলাচিপা উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম জানান, এ ধরনের বিষয় ইউএনও, ওসি ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানাতে হয়, তারাই এ নিয়ে কাজ করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শিরিন সুলতানা বলেন, ‘আমি তো জানি না, আমাকে জানানো হয়নি। আমার প্রশাসনিক ক্ষমতা নেই, আমি তাদের সঙ্গে থাকি।’
এদিকে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবো।’
