পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চর বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের সিনিয়র শিক্ষক মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে প্রায় ২০ বছর ধরে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হয়ে বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, মাসে মাত্র দুই থেকে তিন দিন বিদ্যালয়ে আসেন তিনি। নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান না করায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মো. আলতাফ হোসেন ১৯৯৭ সালের ১৫ এপ্রিল দক্ষিণ চর বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। ২০০০ সালের এক এপ্রিল তিনি এমপিওভুক্ত হন। তবে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। কয়েক বছর ধরে তার পরিবর্তে অন্য ব্যক্তিদের দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করানোর অভিযোগও রয়েছে।
একাধিক শিক্ষার্থী জানায়, ওই শিক্ষক মাসে দুই থেকে তিন দিনের বেশি বিদ্যালয়ে আসেন না। বিষয়টি নিয়ে একাধিকবার প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীদের ভাষ্য, প্রধান শিক্ষক তাদের জানিয়েছেন, আলতাফ হোসেন অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানেও দায়িত্ব পালন করেন। এ কারণে তিনি নিয়মিত বিদ্যালয়ে আসতে পারেন না।
শুধু আলতাফ হোসেন নন, তার অনিয়মিত উপস্থিতিকে কেন্দ্র করে বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষকের নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, আলতাফ হোসেন নিয়মিত বিদ্যালয়ে না এলে তারাও কেন নিয়মিত আসবেন—এমন যুক্তি দেখিয়ে কেউ কেউ ক্লাস নিতে অনীহা প্রকাশ করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গলাচিপা উপজেলার রতনদিতালতলী ইউনিয়নের মেম সাহেব নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০০৫ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আলতাফ হোসেন। প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত। একই সঙ্গে এমপিওভুক্ত একটি প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন এবং অন্য প্রতিষ্ঠানে সময় দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
দক্ষিণ চর বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক মো. লোকমান মুন্সি অভিযোগ করেন, আলতাফ হোসেনের বেতনের টাকা প্রধান শিক্ষক ভাগ নেন। তাকে নানা সুযোগ-সুবিধা দিয়ে আসছেন প্রধান শিক্ষক। অথচ তিনি নিয়মিত ক্লাস করেন না।
লোকমান মুন্সির ভাষ্য, প্রধান শিক্ষক নিজেও একজন কেরানিকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে বিদ্যালয়ে আসেন। তার ইচ্ছামতো ক্লাস পরিচালিত হয়। আবার দুপুর একটা থেকে দেড়টার মধ্যেই বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। বিষয়গুলো নিয়ে একাধিকবার সভায় অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসী মো. আইয়ুব সরদার বলেন, আলতাফ হোসেন ২০০০ সাল থেকে বেতন-ভাতা উত্তোলন করছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে গত চার-পাঁচ বছরে তাকে বিদ্যালয়ে ক্লাস করতে বা নিয়মিত আসতে দেখেননি। বিদ্যালয়ে উপস্থিত না থেকেও কীভাবে তিনি বেতন উত্তোলন করছেন এবং বেতনের কাগজে কে স্বাক্ষর করছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এলাকাবাসী মো. সোহেল মুন্সির অভিযোগ, আলতাফ হোসেনকে বছরে মাত্র এক-দুইবার বিদ্যালয়ে আসতে দেখা যায়। প্রধান শিক্ষকের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলেও তাদের ধারণা।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইয়াকুব হোসেন বলেন, আলতাফ হোসেন নিয়মিত ক্লাস নেন না। আগে ১০ হাজার টাকা দিয়ে জব্বার নামের একজনকে দিয়ে ক্লাস করিয়েছেন। পরে জাকারিয়াকে দিয়ে ক্লাস করিয়েছেন। বর্তমানে তার পরিবর্তে কেউ ক্লাস নেন না।
ইয়াকুব হোসেন আরও বলেন, তার দেখাদেখি বিদ্যালয়ের আরও দুই শিক্ষক নিয়মিত ক্লাস নিতে অনীহা প্রকাশ করছেন। তারা যুক্তি দেখান, আলতাফ হোসেন ক্লাস না নিলে তারা কেন ক্লাস নেবেন। মাঝেমধ্যে আলতাফ হোসেন বিদ্যালয়ে এসে একসঙ্গে হাজিরা খাতায় স্বাক্ষর করেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেমায়েত উদ্দিন বলেন, আলতাফ হোসেন বিদ্যালয়ে আসেন। তবে তিনি অন্য একটি প্রতিষ্ঠানে কাজ করছেন এবং সেখানে কিছুটা সময় দিতে হয়। এ কারণে মাঝেমধ্যে তার আসা হয় না। মাসে কত দিন তিনি বিদ্যালয়ে আসেন, তা নির্দিষ্ট করে বলতে পারেননি প্রধান শিক্ষক। এ জন্য হাজিরা খাতা দেখতে হবে বলে জানান তিনি।
আলতাফ হোসেনের বেতনের অর্ধেক নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, আমি তার বেতনের অর্ধেক নিই—এমন অভিযোগ কে করেছে? আচ্ছা, ঠিক আছে, এ ব্যাপারে আপনার সঙ্গে পরে কথা বলবো।
বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মো. কবির হোসেন বলেন, আলতাফ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা একাধিকবার চেষ্টা করেছেন। তাকে নিয়মিত বিদ্যালয়ে আসার জন্য বলা হয়েছে এবং চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু তিনি কথা দিয়েও বিদ্যালয়ে আসেন না।
কবির হোসেনের অভিযোগ, আলতাফ হোসেন বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটান। এ কারণে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, অনেক বছর ধরে এমন চলছে। আমি দুই দফায় অ্যাডহক কমিটির সভাপতি থাকাকালে তাকে অনেকবার চিঠি দিয়েছি।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক মো. আলতাফ হোসেন। তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার দুই সন্তান বর্তমানে হাসপাতালে আছে। এ কারণে আমি অক্টোবরে ছুটি নিয়েছি। কমিটি নিয়ে এখানে কিছু ঝামেলা আছে। তবে অন্য কোনো দলের সঙ্গে আঁতাত করে স্কুলে না যাওয়ার অভিযোগ সত্য নয়।
মেম সাহেব বিদ্যালয়ে সময় দেওয়ার বিষয়টি স্বীকার করে আলতাফ হোসেন বলেন, মেম সাহেব বিদ্যালয়ে সময় দিই, এটা সত্য কথা। মাদ্রাসায় সময় দিই। সাক্ষাতে কথা বলব। এ বিষয়ে আর কিছু বলতে চাই না।
এ বিষয়ে গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম বলেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় একই সঙ্গে অন্য একটি নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা কিংবা সেখানে সময় দেওয়া বিধিসম্মত নয়। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।