ফেনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

ফেনীর ফুলগাজীতে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

শনিবার সকালে আমজাদ হাট-মুন্সির হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক সাইফুল ইসলাম ফুলগাজী উপজেলার হাড়ি পুষ্করিণী গ্রামের নুর হোসেনের ছেলে। নিহত শিশু আনাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।

দুর্ঘটনার পর পিকআপ চালক শাহীনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, সকালে আমজাদ হাট থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা মুন্সিরহাট যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোর পাঁচ যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে ওই দুইজনের মৃত্যু হয়। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।