চেয়ারম্যান থেকে পদত্যাগ করা প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে প্রার্থী হতে সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করা খন্দকার ‍রুহুল আমিনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।

রোববার মনোনয়ন যাচাই-বাছাইকালে স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতার সমর্থনসূচক তালিকায় তথ্যের গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ইনকাম ট্যাক্সও বকেয়া থাকার অভিযোগ রয়েছে।

জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়া এক শতাংশ ভোটারের মধ্য থেকে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ১০ জন ভোটারের তথ্য অনুসন্ধান করে গরমিল পাওয়া গেছে। যার কারণে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে মোট ১১ জন মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন ও একই কারণে সাইদ মোহাম্মদ তুষারের মনোনয়ন বাতিল করা হয়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। উপজেলা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তিনি অভিযোগ করে বলেন- তার মনোনয়নপত্র জমা দেয়ার সময় ভোটার তালিকা সঠিকভাবে যাচাই করা হয়নি। অনেককে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। তার বিরুদ্ধে ট্যাক্স অফিসের আনা অভিযোগ সত্য নয়। তিনি এ বিষয়ে যথাযত কর্তৃপক্ষের নিকট আপিল করবেন এবং আপিলে তিনি ন্যায় বিচার পাবেন বলে আশা করেন।

এ আসনের বৈধ প্রার্থীরা হলেন, এইচ এম ইব্রাহিম (আওয়ামী লীগ), মো. খোরশেদ আলম (গণফ্রন্ট), হারুন অর রশিদ (জাসদ), মো. শাহ আলম (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মো. মমিনুল ইসলাম (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), একেএম সেলিম ভূঁইয়া (তরিকত ফেডারেশন), মো. জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র), মো. মোশারফ হোসেন (জাকের পার্টি), ও আবু নাছের ওয়াহেদ ফারুক (বাংলাদেশ কংগ্রেস)।