খাগড়াছড়ি জেলার পানছড়ি থেকে অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে অভিযান চালিয়ে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার রাতে তাদের উদ্ধারের পর পানছড়ি থানায় নিয়ে আসা হয়।
গত সোমবার রাতে জেলার পানছড়ি উপজেলার পুজগাংয়ের দুর্গম অনিলপাড়ায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ চারজনকে হত্যা করে এবং তিন ইউপিডিএফ সদস্যকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।
সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাতের নেতৃত্বে একদল সেনাসদস্য রাতে লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় পাহাড়ের ওপর একটি ছনের জুমঘরে বাঁধা অবস্থায় ইউপিডিএফ সদস্য হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জানান, অভিযানটি রাত সাড়ে ৯টায় শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলে। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃতদের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকৃতদের থানায় নিয়ে আসেন। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধারকৃতদের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানান তিনি।