কুমিল্লার চান্দিনায় ভোটের প্রচার-প্রচারণার নিজের সমর্থকদের উপর হামলার অভিযোগ এনেছেন নৌকা ও ঈগল প্রতীকের দুই প্রার্থী। তাদের দুই জনেরই অভিযোগ, প্রতিপক্ষরা তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
কুমিল্লা-৭ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ঈগল প্রতীকে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু।
বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রাণ গোপাল দত্ত কুমিল্লা-৭ আসনের বর্তমান সংসদ সদস্য। আর আশরাফ টিটু চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
গত সোমবার বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে গজারিয়া এলাকায় উপজেলার ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সিসহ তিনজনের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। তিনি ঈগলের নির্বাচনী প্রচারণা চালিয়ে ফিরছিলেন।
এ ঘটনা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মুনতাকিম আশরাফ টিটু বলেন, হামলার ঘটনায় নৌকার প্রার্থী প্রাণ গোপাল দত্তের সমর্থকরা জড়িত।
এদিকে এ অভিযোগ নাকচ করে সাংবাদিকদের প্রাণ গোপাল দত্ত বলেন, হামলা হয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অন্তর্কোন্দলের কারণে। উল্টো আমার কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে নিয়মিত।
২০০১ সালে কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন প্রাণ গোপাল। এবার তাকে পড়তে হয়েছে প্রতিদ্বন্দ্বিতায়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রার্থীর সংখ্যা সাতজন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হয়ে যায় ঈগলের মুনতাকিম আশরাফ টিটুর। পরে আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি।
এদিকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রাণ গোপাল দত্ত। ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
মঙ্গলবার দুপুরে চান্দিনা বাজারসহ বিভিন্ন জায়গায় কুশল বিনিময়ের পাশাপাশি নৌকা প্রতীকে ভোট চান প্রাণ গোপাল। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ছিলেন।