নোয়াখালীতে নৌকা-স্বতন্ত্র সংঘর্ষ, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশীদ কিরণ ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এটিএন বাংলার একটি গাড়ি ভাঙচুরসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।  তাদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাবুয়া বাজারে পথসভার আয়োজন করে স্বতন্ত্র প্রার্থী মিনহাজের নেতাকর্মীরা। এসময় তার সমর্থকরা নৌকার সমর্থক সাকিব নামের এক ছেলেকে মারধর করলে উত্তেজনার সৃষ্টি হয়।

Noyakhali 1

এর জেরে সন্ধ্যা সাতটার দিকে গাবুয়া বাজারে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় এটিএন বাংলার একটি গাড়িতে ভাঙচুর করা হয়। এতে ক্যামেরা পারসন এহসানুল গনি স্বজনসহ অন্তত ১০ জন আহত হয়।   

জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব হাসান, বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত হামলাকারীদের আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হামলাকারীদের শাস্তির দাবিতে রাতে চৌমুহনী বাজারে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহম্মেদ জাবেদের নির্বাচনী প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে কর্মী সমর্থকরা। তারা দ্রুত প্রার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার জানান।