কুমিল্লার চান্দিনায় নৌকার নির্বাচনী প্রচারে মাইকিং করার সময় সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর অনুসারী নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ নৌকার সমর্থকদের।
বুধবার রাতে পৌরসভার ৭নং ওয়ার্ডের ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় সিএনজি অটোরিকশার অধিকাংশ অংশ ও মাইকসহ অন্যান্য জিনিস পুড়ে গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন- চান্দিনার বরকইট ইউনিয়নের কিছমত শ্রীমন্তপুর গ্রামের মৃত মান্তু মিয়ার ছেলে সিএনজি চালক শাহপরান (৩৬) ও শ্রীমন্তপুর গ্রামের বিল্লাল হোসেন (২২)।
শাহপরানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বিল্লাল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত শাহপরান বলেন, আমরা অটোরিকশায় নৌকার প্রচারে মাইকিং করার সময় শ্রীমন্তপুর থেকে চান্দিনায় ফেরার পথে অটোরিকশাটি ছায়কোট প্রাথমিক বিদ্যালয় এলাকা পার হওয়ার সময় ঈগলের স্লোগান দিয়ে আসা ১৫ থেকে ২০ জন আমাদের থামায়। এসময় নৌকার মাইকিং করা বিল্লাল হোসেনকে অটো থেকে নামিয়ে তারা মারধর করেন এবং শেষে অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন লাগায়।
প্রত্যক্ষদর্শী আলী আশরাফ জানান, চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে এসে দেখি আগুন লাগিয়ে একদল লোক দৌড়ে পালাচ্ছে। আমরা স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে খবর পেয়ে পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।