বাংলাদেশের জনগণ সন্ত্রাসকে প্রত্যাখ্যান করে যে ভোট দিয়েছে তা গণতন্ত্র রক্ষার ভোট বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছে। আজ যে ভোট হচ্ছে, সেটা গণতন্ত্র রক্ষার ভোট। আমরা ইনশাল্লাহ বিজয়ী হয়ে গণতন্ত্র রক্ষা করবো।
রোববার দুপুরে ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।
নির্বাচন প্রতিহত করতে হরতাল ও অসহযোগ আন্দোলনের ডাক দেয়ার এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে। কেউ অসহযোগ, অন্যায় বা অপরাধ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে।
তিনি বলেন, আমি এতক্ষণ খবর নিয়ে আসলাম, সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে। তার মানে জনগণ, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেটাই প্রমাণিত হচ্ছে।
বিভিন্ন যানবাহনে মানুষ ভোট দিতে আসছে উল্লেখ করে আনিসুল হক বলেন, হরতাল মানে তো এগুলো বন্ধ থাকার কথা। তার মানে হচ্ছে, বাংলাদেশের মানুষ এ হরতাল মানে না। তারা হরতাল প্রত্যাখ্যান করেছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছেন নাকি ঠিক করেছে, তা তারাই জানে। কারণ, তাদের যে রাজনৈতিক নীতি, সেটা সম্বন্ধে আমার খুব একটা উচ্চ ধারণা নেই।
‘সেক্ষেত্রে আমি বলবো, বিএনপিতে গণতন্ত্রমনা যারা আছেন, তারা অবশ্যই ভুল করেছেন। তার কারণ হচ্ছে, তারা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেননি,’ বলেন আনিসুল হক।