ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সায়মা (১২) ও কসবা উপজেলার কুঠি গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে ইলমা (৬)। সায়মা সম্পর্কে ইলমার খালা ।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুপুরে ইলমা ও সায়মা বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় ইলমা পানিতে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে সায়মাও পানিতে লাফ দেয়। তবে সাঁতার না জানার কারণে দুইজনেই পানির নিচে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অবশেষে পুকুরে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, মর্মান্তিক ঘটনাটি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।