গুইমারায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খাগড়াছড়ির গুইমারায় শান্তি পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আরেকজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের হাতিমুড়ার সিকান্দরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. শহীদুল ইসলামের (২৮) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শান্তি পরিবহনের একটি বাস খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে হাতিমুড়া এলাকায় পৌঁছালে খাগড়াছড়িগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ে। এতে বাসচাপা পড়ে মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।