ময়লার ভাগাড়ে মিললো নবজাতক

কুমিল্লার তিতাসে ময়লার ভাগাড় থেকে এক নবজাতক শিশু উদ্ধার হয়েছে। শনিবার রাতে শিশুর কান্নার আওয়াজ শুনে এগিয়ে যায় স্থানীয় তিন বাসিন্দা। পরে তারা পুলিশকে এ ঘটনা জানায়।

ধারণা করা হচ্ছে উদ্ধার মেয়ে শিশুটির বয়স একদিন। শিশুটি বর্তমানে উত্তর আকালিয়া গ্রামের নজরুল মিয়ার বাড়িতে রয়েছে।

পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে সহযোগিতার জন্য সমাজসেবা অফিসারকে অনুরোধ জানিয়েছে।

এই বিষয়ে শিশুর উদ্ধারকারীদের একজন ফয়সাল জানান, তারা তিন বন্ধু ব্রিজ দিয়ে বাড়ি ফেরার পথে ওই শিশুর কান্নার শব্দ শুনতে পায়। এসময় তারা শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস জানান, উপজেলা সমাজসেবা অফিসারকে বিষয়টি জানানো হয়েছে।