মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষে আহত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত চারজন সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত পৌনে ১১টার দিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের হাসপাতালে নিয়ে আসেন।
গুরুতর আহতরা হলেন ইউ পিও (৪৮), কিয়া থান সিন (২৯), কিন মং (২০) ও লা নি মং (৩০)। তারা চারজনই বিজিপির সদস্য।
রাতে হাসপাতালে বিজিপি সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে এসে বিজিবি চট্টগ্রাম ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, আঘাত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে মানবিক কারণে ওই চার বিজিপি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের স্থানান্তর করা হয়েছে। আহত এ বিজিপি সদস্যরা নিরাপত্তার স্বার্থে চিকিৎসাকালীন সময়ে বিজিবির পাহারায় থাকবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসকরা জানান, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের চারজন সদস্যকে হাসপাতালে রাতে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাদের হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের চারজনই গুলিবিদ্ধ।