কুমিল্লায় লেগুনা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এক ছাত্রদলনেতা নিহত ও আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর তিনটার দিকে জেলা সদরের শাসনগাছায় এ ঘটনা ঘটে।
নিহত জামিল হাসান অর্নব (৩০) শাসনগাছার মো. আজহার মিয়ার ছেলে। তিনি শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী।
এ সংঘর্ষের ঘটনায় নিশাদ, নাজমুল, অনিক ও মোহন নামের আরও চারজন গুলিবিদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শাসনগাছা লেগুনা স্ট্যান্ডের বিরোধ নিয়ে শুক্রবার জুম্মার নামাজের পর দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় দুই গ্রুপের গোলাগুলিতে গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
কুমিল্লা জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু জানান, অর্ণব দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির যুগ্ম-আহবায়ক ছিলেন । জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে টার্গেট করেই গুলি করা হয়েছে বলেও অভিযোগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, এটা কোনো রাজনৈতিক বিরোধের ঘটনা নয়। লেগুনা স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন বলেও জানান তিনি।