বিজয় এক্সপ্রেসের ৯ বগি বেলাইনে, আহত পাঁচ

কুমিল্লায় লাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচ জন। এ ঘটনায় চট্টগ্রাম থেকে বিকল্প রুটে ট্রেন চলাচল  স্বাভাবিক রয়েছে।

রোববার দুপুর একটা ৫০ মিনিটে লাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন সংলগ্ন তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, ৭৮৫ নম্বর বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে জামালপুর যাচ্ছিলো। লাইনচ্যুত হওয়া বগিগুলোর মধ্যে কয়েকটি রেললাইনের আশেপাশে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। 

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এতে কিছু যাত্রী সামান্য আহত হয়েছে। ট্রেনটি উদ্ধার করতে লাকসাম জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, ট্রেন দুর্ঘটনায় গুরুতরভাবে কেউ আহত হয়নি। তবে আহত পাঁচ জন স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক  চিকিৎসা নিচ্ছেন।

এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলওয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ নাজমুল ইসলাম।