কুমিল্লায় লাইনচ্যুত হওয়া জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। রোববার রাত ৯টায় শুরু হওয়া উদ্ধার কাজ শেষ হতে সোমবার ভোর পাঁচটা বাজতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে এই দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সরাসরি সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে। বিভিন্ন স্টেশনে আটকে আছে ঢাকা-চট্টগ্রাম রুটের ১২টি ট্রেন।
চট্টগ্রামের রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাত জানান, রাত ৯টা পাঁচ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়েছে। সোমবার ভোর পাঁচটার দিকে বগিগুলো উদ্ধারের কাজ সম্পন্ন হতে পারে। তবে এ বগিগুলো উদ্ধারের পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সকাল হবে।
জেলার নাঙ্গলকোটের হাসানপুরে ট্রেনের বগিগুলো অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে উদ্ধার কাজ করছেন শতাধিক রেল শ্রমিক। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারবে।
এদিকে দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিছুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার দুপুর একটা ৫০ মিনিটে লাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন সংলগ্ন তেজের বাজার এলাকায় লাইনচ্যুত হয় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি। এতে পাঁচ জন আহত হন।