অবন্তিকার আত্মহত্যা, শিক্ষক-সহপাঠী রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেয়ার অভিযোগে তার শিক্ষক সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে একদিন এবং সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার কুমিল্লার বিচারিক হাকিম-২ আবু বক্কর সিদ্দিকের আমলি আদালত এ আদেশ দেন।

আদালতে আত্মহত্যার ‘মূল প্ররোচনাকারী’ হিসেবে অভিযুক্ত রায়হান সিদ্দিকী আম্মানকে পাঁচদিন ও দ্বীন ইসলামের জন্য দুদিনের রিমান্ড আবেদন করা হয়।

শুনানি শেষে আম্মানের দুই দিনের ও দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গত শুক্রবার রাতে কুমিল্লা শহরের নিজ বাসায় আত্মহত্যা করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আত্মহত্যার আগেই নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তার মৃত্যুর জন্য আম্মান ও দ্বীন ইসলামকে দায়ী করেন অবন্তিকা।

তার মৃত্যুর পর মায়ের করা মামলায় দ্বীন ইসলাম ও আম্মানকে গ্রেপ্তার করা হয়। এই দুই আসামিকে রোববার কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এর আগে এক সংবাদ সম্মেলনে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আসামিদের আংশিক সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় পুলিশ।