পাহাড় কেটে সুইমিং পুল নির্মাণে জরিমানা, বন্ধ ঘোষণা

পর্যটন কেন্দ্র সাজেকে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করায় মেঘ পল্লী রিসোর্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় দুই লাখ টাকা জরিমানা আদায় এবং অনির্দিষ্টকালের জন্য ওই সুইমিং পুল বন্ধ ঘোষণা করে লাল পতাকা টাঙানো হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা আদায় করেন। 

ইউএনও বলেন, পাহাড় কেটে সুইমিং পুল তৈরি বন্ধে হাইকোর্টের রিট আদেশ আমরা পেয়েছি। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে একটি রিট আবেদন করে। আবেদনের পক্ষে শুনানি করেন এইচআরপিবি’র চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

তিনি গণমাধ্যমে জানান, সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের কাজ করছে ‘মেঘপল্লী রিসোর্ট’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট ও পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। 

আদালত এ বিষয়ে শুনানি নিয়ে সুইমিংপুল নির্মাণ কাজ বন্ধসহ সাজেক ও আশপাশ এলাকায় অনুমতি ছাড়া পাহাড় কাটা বন্ধ ও অননুমোদিত পাহাড় কাটায় যারা জড়িত আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে বলেও জানান তিনি।