ফেনীর একটি রেলক্রসিংয়ে বালিবাহী একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক এবং ট্রেনের যাত্রীসহ দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিংয়ে চট্টগ্রামগামী টু ডাউন ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম নিজাম উদ্দিন। বাড়ি বরিশালের উজিরপুর থানায়। তবে ট্রেনযাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টু ডাউন ট্রেন শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম যাচ্ছিলো। ট্রেন মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় একটি বালুবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও ট্রেনের এক যাত্রী নিহত হন। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই জেলা ও রেলওয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে দুর্ঘটনার সময় গেটম্যান ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, দুর্ঘটনার পর এক লাইনে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এখন দুই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে।