চোখ দেখিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন তিন নারী

কক্সবাজারে একটি হাসপাতাল থেকে চোখের পরীক্ষা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে জেলার ঈদগাঁও উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খোদাইবাড়ী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতরা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে মাইক্রোবাসে করে ফিরছিলেন চট্টগ্রামের বাঁশখালীর ১৪ জন। মাইক্রোবাসটি ওই এলাকায় পৌঁছালে অপর প্রান্ত থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে সঙ্গে সংঘর্ষ হয়। তখন ঘটনাস্থলে দুই নারী এবং হাসপাতালে নেওয়ার পর আরও এক নারী মারা যান। 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।