কুমিল্লায় পুলিশ পরিচয়ে ডাকাতিসহ দুটি ছিনতাইয়ের ঘটনায় পাঁচ জনকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফ, পোশাক, জুতা, অস্ত্র, স্বর্ণের বালা, মোবাইল ফোন, বিভিন্ন তালার ১১০টি চাবি, তিনটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটো রিকশা ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- নগরীর মুরাদপুর এলাকার সুমন ও সুজন, উত্তর চর্থ এলাকার মো. হাসান, চাঁদপুর এলাকার রাশেদুল ইসলাম মাহি এবং বরুড়া উপজেলার মুকুন্দপুর গ্রামের মোহাম্মদ রাকিব হাসান।
রোববার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।
পুলিশ সুপার জানান, সম্প্রতি কুমিল্লা নগরীর কয়েকটি স্থানে ছিনতাইয়ে ঘটনা ঘটেছে। যার মধ্যে একটি ঘটনায় পুলিশ পরিচয়ে ছিনতাই করা হয়। ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছিলো।
ওই ছিনতাইয়ে জড়িতদের গ্রেপ্তারের পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।